মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া এলাকায় যমুনা নদীতে গরুবোঝাই একটি ট্রলার ডুবে ২২টি গরু মারা গেছে। তবে এ সময় ট্রলারে থাকা ১৩ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছে ।
বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতার হোসেন ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে কোরবানির ঈদ উপলক্ষে বেপারিরা ট্রলারে করে ২৩টি গরু নিয়ে সিরাজগঞ্জের চৌহালি উপজেলার চরসালমাবাদ এলাকা থেকে ঢাকা যাচ্ছিলেন। যমুনা নদীর বাঘুটিয়া এলাকায় পৌঁছালে ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা ২৩ গরুর ২২টি মারা যায়।
চেয়ারম্যান আরো জানান, প্রবল স্রোত ও ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত গরু বহনের কারণে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সামছুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।