রাজধানীর কমলাপুর রেলস্টেশনে বেলায়েত হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ী রহস্যজনকভাবে ট্রেনে কাটা পড়েছেন। তবে তিনি ট্রেনে কাটা পড়েন অথবা কেউ তাকে সেখানে ফেলে দিয়ে হত্যা করেছে কি না -তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহত বেলায়েত হোসেনের নবাবপুর রোডে আরজু এন্টারপ্রাইজ নামে একটি দোকান রয়েছে। তিনি হার্ডওয়্যার সামগ্রীর ব্যবসায়ী ছিলেন।
জানা গেছে, রেল স্টেশনের সান্টিং ইয়ার্ডে বেলায়েত রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢামেকে নেয়া হলে চিকিত্সকরা মৃত ঘোষণা করেন।
বেলায়েতের মৃত্যুর খবর শুনে তার স্ত্রী ও সন্তান ছুটে আসেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। বেলায়েতের ছেলে আরজু জানান, আদাবরের মোহাম্মদীয়া হাউজিংয়ের ১ নম্বর রোডের ৭ নম্বর অ্যাপার্টমেন্টে তাদের বাসা। নবাবপুর রোডে তার বাবার একটি দোকান রয়েছে। তবে কী কারণে তার বাবা কমলাপুর রেলষ্টেশনে গিয়েছিলেন তা তারা জানেন না।