ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার বিকেলে জেলার ধলেশ্বরী নদীতে অভিযান চালিয়ে ৩টি যাত্রীবাহী লঞ্চকে ৫৮ হাজার টাকা জরিমানা করেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আল-আমীনের নেতৃত্বে জেলার হাতলামীগঞ্জ এলাকায় জেলার ঢাকামুখী যাত্রীবাহী লঞ্চকে অনিয়মের অভিযোগে এই জরিমানা আদায় করেন্।
তিনি জানান, অভিযান পরিচালনাকালে অনিয়মের দায়ে তিনটি লঞ্চকে জরিমানা করা হয়েছে। এছাড়া অপর তিনটি লঞ্চে কোন অনিয়ম না থাকায় সেগুলোকে ছেড়ে দেয়া হয়।
জরিমানাকৃত লঞ্চের মধ্যে এমভি নিউ আল বোরাককে ২৫ হাজার টাকা, এমভি বোগদাদিয়া-৯’কে ৫ হাজার টাকা এবং এমভি মানিক -৮’কে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এই ধরনের অভিযান পরবর্তীতে অব্যাহত থাকবে বলে তিনি জানান।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল বাসসকে জানান, ঈদে ঘরমুখী যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে আগামী ১ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত সকল ধরনের বালুবাহী কার্গো ভেসেল মেঘনা ও ধলেশ্বরী নদীতে চলাচল নিষিদ্ধ করা হয়েছে।