মঙ্গলবার ভোরে ক্লিংকার বোঝাই একটি কার্গো জাহাজ মংলা বন্দরের পশুর চ্যানেলের জয়মনির ঘোল এলাকায় ডুবে গেছে। ওই স্থানে নোঙর করে থাকা আরেকটি কার্গো জাহাজের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
কার্গো জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান শিকদার এন্টারপ্রাইজের মালিক প্রতিনিধি বিল্লাল হোসেন বলেন, পশুর চ্যানেলের হাড়বাড়িয়ায় অবস্থানরত চীনের পতাকাবাহী জাহাজ এমভি হুয়াহাই থেকে ৬০০ মেট্রিক টন ক্লিংকার নিয়ে কার্গো জাহাজ এমভি নয়নশ্রী-৩ গত সোমবার ভোরে বন্দরের সেনাকল্যাণ সংস্থার মংলা সিমেন্ট ফ্যাক্টরির উদ্দেশে রওনা হয়। পথে জাহাজটির ইঞ্জিনের চেইন ছিঁড়ে যায়। এতে জোয়ারের প্রচণ্ড স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি চ্যানেলের জয়মনির ঘোল এলাকায় অবস্থানরত আরেকটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই এমভি নয়নশ্রী-৩ ডুবে যায়। এ ঘটনায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।