ভারতে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ১২

 
ভারতের উত্তরপ্রদেশের দুইটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪৫ জন। মঙ্গলবার রাতে গোরখপুরে এই দুর্ঘটনা ঘটে। খবর: জি-নিউজের।
জি-নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, রাতে বারাণসী থেকে গোরখপুরগামী কৃষক এক্সপ্রেসটি লক্ষ্ণৌ থেকে বারাউনিগামী বারাউনি এক্সপ্রেসের পিছনে ধাক্কা দেয়। এতে বারাউনি এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে রেলকর্মকর্তারা যান। উদ্ধার কাজও শুরু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিগন্যাল অগ্রাহ্য করার দায়ে কৃষক এক্সপ্রেসের চালক ও সহকারী চালককে সাসপেন্ড করা হয়েছে। দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন রেলের সেফটি কমিশনার পি কে বাজপেয়ী।
নিহতদের পরিবারের সদস্যদের ৫০ হাজার টাকা এবং আহতদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে দেবার কথা ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ।