গণমাধ্যমে প্রচারণার পর আপাতত মৃত্যুদণ্ড কার্যকর ১০ দিন পিছিয়ে গেল ইরানি এক নারীর। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির মানবাধিকারকর্মীরা এ কথা জানান। খবর বিবিসির।
রেইহান জাব্বারির বয়স ২৬। তার বিরুদ্ধে মোরতেজা আব্দুল আলি সারবান্দি নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ ছিল। আব্দুল আলি গোয়েন্দা-বিষয়ক মন্ত্রণালয়ের কর্মচারী ছিলেন। এ হত্যার অভিযোগে ২০০৭ সালে জাব্বারিকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ২০০৯ সালে তেহরানের এক আদালত তাকে ফাঁসির আদেশ দেয়।
সোমবার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, জাব্বারির মৃত্যুদণ্ড কার্যকরের লক্ষ্যে পশ্চিম তেহরানের একটি কারাগারে স্থানান্তর করা হয়েছে। এতে মনে হয়েছে— এ দিনই তার ফাঁসি দেওয়া হবে। এমন খবরে জাব্বারির সমর্থনে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ব্যাপক প্রচারণা শুরু হয়।
মানবাধিকারকর্মীরা দাবি করেছেন— অনলাইনে প্রচারণার ফলেই রাষ্ট্র তার মৃত্যু কার্যকরের আদেশ ১০ দিনের জন্য স্থগিত করেছে। এর আগে জাব্বারি অভিযোগ করে বলেছেন— ওই ব্যক্তি তাকে যৌন নির্যাতনের চেষ্টা চালালে তিনি তাকে ছুরিকাঘাত করেন। কিন্তু ওই দিন ওই ঘরে অন্য কেউ ছিল, যে তাকে হত্যা করেছে। তাই একটি ত্রুটিপূর্ণ তদন্তের পর জাব্বারিকে এ শাস্তি দেওয়া হয়েছে বলে মনে করে মানবাধিকার সংগঠন আমনেস্টি ইন্টারন্যাশনাল।