গণভোট স্থগিতের প্রতিবাদে কাতালোনিয়ায় বিক্ষোভ

 
 
 
স্পেনের একটি সাংবিধানিক আদালত স্বাধীনতার প্রশ্নে কাতালোনিয়ার গণভোট স্থগিত করার পর সেখানে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। আদালতের ঘোষণার প্রতিবাদে স্থানীয় সময় মঙ্গলবার প্রায় পাঁচ হাজার মানুষ ভোটের অধিকারের দাবিতে আঞ্চলিক রাজধানী বার্সেলোনার রাজপথে নেমে আসে। খবর বিবিসির।
কাতালোনিয়ার আঞ্চলিক প্রেসিডেন্ট স্বাধীনতার প্রশ্নে গণভোট আয়োজনের আহ্বান জানিয়ে শনিবার একটি ডিক্রিতে সই করেন। আর এরপরই স্পেনের কেন্দ্রীয় সরকারের অনুরোধে আদালতের এই নিষেধাজ্ঞা জারি হয়। এর আগে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় সাংবাদিকদের বলেন, ‘স্পেনের সংবিধানের সঙ্গে এই ভোট সংগতিপূর্ণ নয়।’ তিনি আরো বলেন, ‘স্পেনকে ভাঙার ব্যাপারে কোনো কিছুই মেনে নেয়া হবে না।’ মন্ত্রিসভার একটি জরুরি বৈঠক শেষে টেলিভিশনে দেয়া ভাষণে রাজয় এ সব কথা বলেন।
যুক্তরাজ্য থেকে স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে আয়োজিত গণভোটের বিষয়টি কাতালানদেরও স্বাধীনতার বিষয়টিকে সামনে নিয়ে আসে। আর এ কারণে কাতালোনিয়া অঞ্চলের প্রেসিডেন্টকে গণভোটের মধ্য দিয়ে বিষয়টি নিষ্পত্তি করার অনুমোদন দেয় কাতালোনিয়ার পার্লামেন্ট। কিন্তু স্পেনের কেন্দ্রীয় সরকার এই অনুমোদনের বিরোধীতা করে এবং তারা বিষয়টি সাংবিধানিক আদালতে নিয়ে যায়।

প্রসঙ্গত, স্পেনের উত্তর-পূর্বাংশে অবস্থিত কাতালোনিয়া দেশটির অন্যতম ধনী ও শিল্পোন্নত অঞ্চল। তাদের ভাষা ও সংস্কৃতিও স্পেনের অন্যান্য অঞ্চল থেকে আলাদা। পার্লামেন্টের সিদ্ধান্ত অনুসারে কাতালোনিয়ার প্রেসিডেন্ট আর্থার ম্যাস স্বাধীনতা প্রশ্নে স্কটল্যান্ডের মতো করেই চলতি বছরের ৯ নভেম্বর এক গণভোটের আয়োজনের পরিকল্পনা করেছিল।