মহানবী (স.)এবং হজ নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে জামায়াত-শিবিরের বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে রাজশাহীর মালোপাড়ায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুর ১২টার দিকে লতিফ সিদ্দিকীর মন্তব্যের প্রতিবাদে নগরীর নিউ মার্কেট এলাকা থেকে জামায়ত-শিবিরের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নিউ মার্কেট ও মালোপাড়া হয়ে সাহেব বাজারের দিকে যেতে চাইলে সোনাদীঘির মোড় এলাকায় পুলিশ বাধা দেয়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ জামায়াত-শিবির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ছাড়াও টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। তবে ঘটনাস্থল থেকে পুলিশ কাউকে আটক করেনি।
এ বিষয়ে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সোবহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশকে লক্ষ্য করে জামায়াত-শিবিরের ককটেল হামলার পর পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে ককটেল বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি।