৫ বছরের আগে নির্বাচন হবে না: তোফায়েল

আগামী নির্বাচন ৫ বছরের আগে হবে না মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আমরা যখন বেগম খালেদা জিয়াকে আলোচনার জন্য বলেছিলাম। তখন তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। এখন উনি সংলাপের কথা বলছেন। কিন্তু সংলাপ করব কি নিয়ে? আমরা সংবিধানের বাইরে যাব না।
বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ অফিস কক্ষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ সব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপি এখন আলোচনা চাচ্ছেন। কারণ তারা পরাজিত। তারা কত অসহায়। সংলাপের জন্য এখন তাদের কত আকুতিমিনতি।
বিএনপির আন্দোলন প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। তাদের কর্মসূচিতো থাকবেই। তবে তা হতে হবে শান্তিপূর্ণ। যদি ধবংশাত্নক কর্মসূচি দেয় তাহলে তাদেরই সমস্যা। সরকার কঠোর হাতে তা দমন করবে।
মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, আন্তজার্তিক মহলের কোন চাপ নেই আমাদের উপর। তিনি বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো।
ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রীর মন্ত্রীসভা থেকে অপসারণের সিদ্ধান্ত প্রসঙ্গে জিজ্ঞেস করলে তিনি এ ব্যাপারে কিছু বলবেন না বলে জানান। তবে তোফায়ের আহমেদ বলেন, প্রত্যেক মন্ত্রীর কাজ প্রধানমন্ত্রীর অফিস মনিটরিং করা।