রাজধানীর গুলিস্তান থেকে পকেটমার ৫ নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- নাজমা বেগম (৩২), তাসলিমা বেগম (২৫), নিলম (৩৬), কুলসুম (৩৬) ও দিলারা (২৪)। বুধবার সকালে সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত ৫ নারীর সঙ্গে দেড় বছর ও ১০ মাস বয়সী দুটি শিশু পাওয়া গেছে। শিশু দু’টির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পল্টন থানার ওসি মোর্শেদ আলম জানান, আটক নিলমের বাড়ি হবিগঞ্জের মাধবপুরে। অন্য চারজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। তারা একসঙ্গে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় সুমনের বস্তিতে থাকেন। গ্রেফতারকৃতরা গুলিস্তান এলাকায় সংঘবদ্ধভাবে নারীদের টার্গেট করে পকেট মারতেন। প্রথমে বাচ্চার জন্য সাহায্য চেয়ে তারা নারীদের গতিরোধ করতেন। এরপর সবাই ঐ নারীর চারপাশ থেকে ঘিরে ফেলতেন। তাদের মধ্যে ২-১জন বিভিন্নভাবে ঐ নারীর কাছে সাহায্য চাইতেন। দলের অন্য সদস্যরা সুযোগমতো ঐ নারীর মালামাল ছিনিয়ে নিতেন। এ ছাড়া তারা বাসযাত্রীদেরও পকেট মারতেন।