রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত দুই ব্যক্তি নিহত

রাজধানীর পৃথকস্থানে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে রেলওয়ে পুলিশ (জিআরপি) কমলাপুর ও বনানী এলাকা থেকে ঐ দুজনের লাশ উদ্ধার করে। এদের মধ্যে একজনের আনুমানিক বয়স (৫০) এবং অপরজনের (৬০)। এছাড়া বুধবার সকালে ক্যান্টনমেন্ট ধামালকোর্ট এলাকায় কাজ করতে গিয়ে নির্মাণাধীন নয়তলা ভবন থেকে নিচে পড়ে লুত্ফুর রহমান (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিহতের বাড়ি রংপুরের তারাগঞ্জের বেলতলি গ্রামে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ জানান, মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে রেললাইনের পাশ থেকে প্রায় ৫০ বছর বয়সী অজ্ঞাত ঐ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। কমলাপুর স্টেশনে ঘোরাফেরা করতেন। মঙ্গলবার সন্ধ্যার পর কোনো এক সময় তিনি ট্রেনের ধাক্কায় মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরনে ছিল লাল গেঞ্জি, কালো চেকশার্ট ও থ্রি কোয়াটার প্যান্ট।
এছাড়া অজ্ঞাত অপর ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে বনানী ও ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যবর্তী স্থানে রেললাইনের পশ্চিম পাশ থেকে। নিহত ব্যক্তি হিন্দু বলে ধারণা করা হচ্ছে। রেললাইনের উপর দিয়ে হেঁটে চলার সময় পেছন থেকে চলন্ত ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরনে ছিল সাদা চেক লুঙ্গি ও সাদা চেক শার্ট।