লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার শেফালীপাড়া তমিজ উদ্দিন ব্যপারীর বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সংগঠিত অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে রামগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক জহির উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানান, সকাল ৮টায় ব্যপারী বাড়ির মৃত আবুল বাশারের স্ত্রী জাহানারা বেগম রান্না করছিলেন। এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারের লিক থেকে আগুনের সূত্রপাত হয়। তারপর সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে বাড়ির অন্য ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে বাড়ির সবাই নিরাপদ স্থানে আশ্রয় নেয়। তারপর ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু তার আগেই আবুল বাশার, মোঃ বাদল ও খোরশেদ আলমের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।
রামগঞ্জ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) আবদুল মোতালেব বলেন, ‘আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রন না করলে পুরো বাড়ির অন্য ঘরগুলিতে আগুন ছড়িয়ে পড়তো।’
আরও পড়ুনঃ ঈশ্বরদীতে ৮ দিনের শিশু চুরি
তিনি এ সময় আগুনের সূত্রপাত গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ থেকে হতে পারে বলে জানান।
ইত্তেফাক/নূহু