হাতির দলের অতর্কিত হামলা, এক শিশুর মৃত্যু

কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মানিকপুর এলাকায় বুঁনো হাতির আছাড়ে জাহেদ উল্লাহ (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। জাহেদ উল্লাহ সুরাজপুর এলাকার আব্দুস শুক্কুরের ছেলে। আজ বুধবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, আজ বিকেলে বাগানের আগাছা পরিষ্কার করতে শ্রমিকদের সঙ্গে পূর্ব মানিকপুর এলাকায় যায় জাহেদ উল্লাহ। আগাছা পরিষ্কার শেষে তাঁরা বাড়ি ফেরার পথে একদল হাতির মুখে পড়ে তারা। হাতির তাড়া খেয়ে যে যার মতো পালাতে চেষ্টা করে। এ সময় জাহেদ উল্লাহকে ধরে ফেলে হাতির দল। একটি হাতি জাহেদকে শুড় দিয়ে ধরে আছাড় দিলে ঘটনাস্থলেই মারা যায় সে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, হাতির আক্রমনে জাহেদ উল্লাহ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করা হয়েছে।