চট্টগ্রামের সন্ত্রাসী নাছির উদ্দিন ওরফে শিবির নাছিরের বিরুদ্ধে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে একটি হত্যা মামলা চলছে। ১৯৯৪ সালের ২০ নভেম্বর নগরের পলিটেকনিক ইনস্টিটিউটের তৎকালীন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জমির উদ্দিনকে গুলি করে হত্যার অভিযোগে পাঁচলাইশ থানায় এ মামলা দায়ের করা হয়। কিন্তু মামলাটিতে এক মাস ধরে কোন সাক্ষী হাজির হচ্ছেন না।
গতকাল বুধবারও মামলাটির দিন ধার্য ছিল। কিন্তু ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে সাক্ষীরা হাজির হননি। যে কারণে আগামী ১২ অক্টোবর পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। স্বাক্ষী হাজির না হওয়ায় মামলাটির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে সপ্তাহে দুই থেকে তিন দিন ধার্য দিন রাখা হচ্ছে।
চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আইয়ুব খান জানান, সাক্ষীদের হাজির করতে বারবার পুলিশকে বলা হলেও তারা হাজির করতে পারছে না। নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, সাক্ষীদের খোঁজে পুলিশ কাজ করছে।