মৃত্যুর কাছে হেরে গেল নির্যাতনের শিকার গৌরনদীর শিশু সৌরভ

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নয়দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে পরাস্থ হলো অমানুষিক নির্যাতনের শিকার গৌরনদীর চতুর্থ শ্রেণির ছাত্র সৌরভ মন্ডল (১১)। শুক্রবার দিবাগত মধ্যরাতে কলাবাগান কিডনী জেনারেল হাসপাতালের আইসিউতে সে মারা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত সৌরভ মন্ডল বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের প্রত্যন্ত মাগুরা গ্রামের দিনমজুর কার্তিক মন্ডলের পুত্র। জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি বিকেলে সেচপাম্প মেশিনের সামনে দাঁড়ানোকে কেন্দ্র করে ওই গ্রামের প্রভাবশালী বেল্লাল মোল্লা ও ফারুক হাওলাদার সৌরভ মন্ডলকে বিবস্ত্র করে অমানুষিক নির্যাতন করে। একপর্যায়ে নির্যাতিত সৌরভকে ধাক্কা মেরে পানির মধ্যে ফেলে দেওয়া হয়।

বাড়ির লোকজনে মুমূর্ষু অবস্থায় সৌরভকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও পরে চিকিৎসকদের পরামর্শে কলাবাগান কিডনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ব্যাপারে গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাহবুবুর রহমান বলেন, ‘শিশু সৌরভকে অমানুষিক নির্যাতনের ঘটনায় শুক্রবার সকালে থানায় একটি মামলা দায়ের করা হয়েছিলো। বর্তমানে ওই মামলাটি হত্যা মামলায় রূপান্তির করা হয়েছে।’

আরও পড়ুনঃ রামগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন বসতঘর পুড়ে ছাই

তিনি আরও বলেন, ‘আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।’

ইত্তেফাক/নূহু