চুয়াডঙ্গার উপজেলার সেনেরহুদা গ্রামে ক্যরাম খেলা নিয়ে বিরোধে আরিফুল ইসলাম আরিফ (২৭) নামে এক যুবক খুন হয়েছেন। বুধবার রাত সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সেনেরহুদা গ্রামের পূর্বপাড়ার আজির বক্সের ছেলে আরিফসহ চারজন গ্রামের আলাউদ্দিনের চায়ের দোকানে ক্যারাম খেলছিল। এ সময় তোতা মিয়া (২২) সেখানে উপস্থিত হয়ে তাকে খেলার সুযোগ দেবার জন্য আরিফকে বলে। কিন্তু আরিফ খেলা বন্ধ না করলে তার সাথে তোতার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এসময় সে বাড়ি ফিরে হাসুয়া এনে আরিফকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। মুমূর্ষু অবস্থায় চুয়াডাঙ্গা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে রাতেই এএসপি মো. কামরুজ্জামান ও জীবননগর থানার ওসি মো. হুমায়ন কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। তোতা মিয়াকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।