আইএসএলে খেলতে কলকাতায় মামুনুল

 
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) দল সৌরভ গাঙ্গুলির মালিকানাধীন অ্যাটলেটিকো ডি কলকাতার হয়ে খেলতে গতকাল বুধবার সন্ধ্যায় কলকাতায় গেছেন। মূলত ভারতের ভিসা পেতে বিলম্বের কারণেই তার কলকাতায় যেতে দেরী হচ্ছিল।
আগামী ১২ অক্টোবর কলকাতার যুবভারতীতে জাঁকজমকপূর্ণ উদ্বোধন হবে আট দল নিয়ে গড়া আইএসএলের। এ লিগে বাংলাদেশের একমাত্র ফুটবলার হিসেবে কলকাতার দলটির হয়ে ভাল খেলা এবং দেশের ফুটবলকে তুলে ধরাই তার লক্ষ্য। বাংলাদেশের খেলোয়াড়টি গতকাল বিমানে ওঠার আগমুহূর্তে এ অভিপ্রায় ব্যক্ত করেন।
মামুনুলের যাওয়ার আগেই দলের খেলোয়াড়রা স্পেন থেকে ফিরে এসেছে। স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে যৌথ মালিকানাতেই গড়া হয়েছে কলকাতার এ ক্লাবটি। সেজন্য খেলোয়াড়দের সেখানে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। ইতোমধ্যে কলকাতায় ফিরে গত মঙ্গলবার একটি প্রীতি ম্যাচও খেলেছে তারা।
এশিয়ান গেমস থেকে দেশে ফেরার পরই কলকাতা যাওয়ার কথা ছিল মামুনুলের। কিন্তু ভিসা সমস্যার কারণে সময়মতো সেখানে যেতে পারেননি। এই প্রসঙ্গে মামুনুল বলেন, ‘২৯ সেপ্টেম্বর কলকাতায় গিয়ে দলের সাথে আমারো অনুশীলনে যোগ দেয়ার কথা ছিল। কিন্তু ভিসা হাতে না পাওয়ায় যেতে পারিনি। এব্যাপারে আমি টিম ম্যানেজম্যান্টকে আগেই জানিয়ে রেখেছি। মঙ্গলবার ভিসা হাতে পেয়ে আজ (বুধবার) কলকাতার উদ্দেশ্যে রওয়ানা হচ্ছি।’
তিনি আরো বলেন,‘অনুশীলন ক্যাম্প শুরুর দু’দিন পরে গেলেও আমার মনে হয় কোনো সমস্যা হবে না। আশা করছি, টুর্নামেন্ট শেষ করে অক্টোবরের শেষ দিকে ঢাকা ফিরবো।