ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলামের আদালতে জেলার সিনিয়র সাংবাদিক শাহীন মীর্জা বাদী হয়ে বৃহস্পতিবার মামলাটি দায়ের করেন।
মামলা দায়ের শেষে শাহীন মীর্জা জানান, হযরত মুহাম্মদ (সা), পবিত্র হজ ও তাবলিগ নিয়ে লতিফ সিদ্দিকী যে কটুক্তি করেছেন তা বিধর্মীরাও করেন না। এ ধরণের মন্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। এ অপরাধে শুধু মন্ত্রিসভা থেকে অপসারণ নয় তাকে অবিলম্বে গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য দাবি জানাচ্ছি।
আদালত শুনানি শেষে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশকে ১৯ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. ইউসুফ আলী, অ্যাড. আবুল কালাম আজাদসহ অর্ধশতাধিক আইনজীবী।