বিএনপি নেতা ও ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) এর সাবেক মেয়র সাদেক হোসেন খোকার স্ত্রী ইসমত আরার বিরুদ্ধে অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেনের অভিযোগ নথিভুক্ত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার কমিশনের বৈঠকে তার বিরুদ্ধে ১০ কোটি টাকার অবৈধ লেনদেনের অভিযোগ সংক্রান্ত প্রতিবেদন নথিভুক্ত করা হয়। এর মাধ্যমে তাকে এ অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হলো।
দুদক সূত্র জানায়, ঢাকা ব্যাংকের ২২৬-১১০-১৫০৩ নম্বর সঞ্চয়ী হিসাব থেকে অস্বাভাবিক ও সন্দেহজনকভাবে ১০ কোটি টাকা লেনদেনের অভিযোগ অনুসন্ধান করেছে দুদক। পারিবারিক কারণবশত নগদ টাকার প্রয়োজনে মোট ১২৭ দশমিক ২৭ কাঠা জমি বাজার দর মোতাবেক স্বদেশ প্রপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানের কাছে ৩০ কোটি টাকায় বিক্রি করেন তিনি। ইসমত আরা অগ্রিম হিসেবে স্বদেশ প্রপার্টিজের কাছ থেকে ঢাকা ব্যাংকের বারিধারা শাখায় ছয়টি চেকের মাধ্যমে এনসিসি ব্যাংক থেকে অর্থ গ্রহণ করেন। সংশ্লিষ্ট ব্যাংক কাগজপত্র সঠিক পেয়ে ২০১৩ সালের ১৫ জানুয়ারি ১০ কোটি টাকার পে-অর্ডার ঢাকা ব্যাংকের ধানমন্ডি শাখায় ট্রান্সফার করে।
সূত্র আরও জানায়, বর্তমানে তার হিসাবে চার কোটি ৪০ লাখ টাকা জমা রয়েছে। দুদকের অনুসন্ধানে এ সব অর্থ প্রকৃতপক্ষেই জমি বিক্রয়ের এবং কোনো ধরনের মানি লন্ডারিংয়ের অপরাধ হয়নি বলে প্রমাণিত হওয়ায় অভিযোগ নথিভুক্ত করে দুদক। দুদকের উপ-সহকারী পরিচালক শেখ আবদুস ছালাম এ অভিযোগ অনুসন্ধান করেছেন।