লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে জেলায় জেলায় মামলা

 
 
 
মহানবী (সা.), হজ ও তাবলিগ জামায়াত নিয়ে অবমাননাকর মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে বেশ কয়েকটি জেলায় মামলা হয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় তার বিরুদ্ধে সমনও জারি করেছে আদালত। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর—
খুলনা অফিস:
খুলনায় লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আলাদা দুটি  মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় দৈনিক অণির্বান পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আলী আহমেদ এবং জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট এস.এম ওয়াছিউর রহমান বাদী হয়ে খুলনা মহানগর আমলী আদালত ‘ক’ অঞ্চলে এ মামলা দুটি দায়ের করেন। আদালত আগামী ১১ নভেম্বর পরবর্তী দিন ধার্য করে আসামির বিরুদ্ধে সমন জারি করেছে।
 
যশোর অফিস:
যশোরে একটি মামলা হয়েছে। বৃহম্পতিবার দুপুরে যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আমলী আদালতে এই মামলা হয়। যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আমজাদ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের (কেশবপুর) বিচারক আবু ইব্রাহিম মামলাটি আমলে নিয়ে সমন জারি করেছেন। বিচারক মামলাটি দন্ডবিধি আইনের ২৯৫ (ক) ধারায় সমন জারি করে আগামী ২ নভেম্বর আসামিকে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
 
টাঙ্গাইল প্রতিনিধি:
লতিফ সিদ্দিকীর নিজ জেলা টাঙ্গাইলেও তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে অতিরিক্ত চিফ ‍জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদত হোসেনের আদালতে জেলা তাঁতী লীগের আহ্বায়ক সোলেমান হোসেন বাদী হয়ে এ মামলা করেন।
 
 
কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলামের আদালতে জেলার সিনিয়র সাংবাদিক শাহীন মীর্জা বাদী হয়ে বৃহস্পতিবার একটি দায়ের করেন। আদালত শুনানি শেষে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশকে ১৯ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন।
 
 
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আাদলতে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালতে কক্সবাজার হোটেল-মোটেল ওনারস এসোসিয়েশনের সভাপতি নুরুল আফসার এই মামলা দায়ের করেন। মামলার শুনানি গ্রহণ করে পরে এ বিষয়ে আদেশ দেয়া হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
 
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ সিদ্দিকীর আদালতে মামলাটি দায়ের করেন মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের পাটুলি গ্রামের নূরুল আমিন ভূইয়া। এর প্রেক্ষিতে শুনানী শেষে বিচারক আসামির বিরুদ্ধে সমন জারি করে ১৯ নভেম্বর মন্ত্রীকে স্বশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
 
এর আগে বুধবার একই অভিযোগে তার বিরুদ্ধে রাজধানী ঢাকায় ছয়টি ও সিলেট একটি মামলা হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার নিউ ইয়র্কে টাঙ্গাইল সমিতির এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী মহানবী (সা.), পবিত্র হজ ও তাবলিগ জামায়্ত সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন।