ঈদ-পূজায় সড়কের জন্য ভোগান্তি হবে না: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

 
 
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘এবার ঈদ ও পূজায় ঘরমুখো মানুষ একেবারে নির্বিঘ্নে গন্তব্যে ফিরতে পারবেন আমি এমনটা বলব না। তবে সড়কের জন্য কারো কোনো ভোগান্তি হবে না। মহাসড়কের ধীর গতির কারণে অনেকেরই গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে। এটি হচ্ছে পশুবাহী ট্রাকগুলোর কারণে।’ বৃহস্পতিবার রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, ‘অনেক সময় পশুবাহী ট্রাকগুলোর ফিটনেস ঠিক না থাকায় সেগুলো সড়কেই বিকল হয়ে পড়ছে। আর এ কারণে যানজট তৈরি হচ্ছে।’
‘বর্তমানে মহাসড়কের কোথাও কোনো সমস্যা নেই’ দাবি করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘টানা ১৫ দিনের বর্ষণের কারণে মহাসড়কগুলোর অনেক স্থানে সমস্যা সৃষ্টি হয়েছিল। কিন্তু এ মুহূর্তে কোনো সড়কেরই বেহাল অবস্থা নেই।’
গাড়ির ফিটনেস সনদ দেয়ার দায়িত্ব কার— জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ফিটনেস সার্টিফিকেট দেয় বিআরটিএ। কিন্তু সর্ষের মধ্যেও ভুত থাকে, বিআরটিএর মধ্যেও ভুত আছে।’ তবে তিনি ‘ভুত’ তাড়াতে চেষ্টা করছেন জানিয়ে বলেন, ‘আমি চেষ্টা করছি, মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি তিন বছর হলো। আমাকে অন্তত পাঁচটি বছর সুযোগ দিন সব ঠিক হয়ে যাবে।’
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানের দুর্দশা প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, ‘মহাসড়কের ফোরলেনের কাজ চলছে। আগামী মার্চের পর ওই সড়কে কোনো সমস্যা থাকবে না। যাত্রীদের অনুরোধ করব— এবার একটু কষ্ট করুন। আগামীতে আর কোনো সমস্যা থাকবে না।’
কোথাও কোথাও সড়কের ওপরে হাট বসার কথা স্বীকার করে ওবায়দুল কাদের বলেন, ‘সড়কের ওপরে হাট বসেছে— এটা ঠিক। কিন্তু এর সংখ্যা অন্যান্য বারের চেয়ে অনেক কম। আর কিছু কিছু স্থানে স্থানীয় সংসদ সদস্যরা নিয়ম না মেনে হাট বসাতে সহযোগিতা করেছেন। সংসদ সদস্যরা যদি নিজেরাই নিয়ম না মানেন, এটা অত্যন্ত দুঃখজনক, আইন সবার জন্যই সমান।’