স্বেচ্ছা প্রত্যাবাসনেই রোহিঙ্গা সমস্যার সমাধান: বাংলাদেশ

 
মিয়ানমারের রাখাইন রাজ্যে স্বেচ্ছা প্রত্যাবাসনের মাধ্যমেই রোহিঙ্গা শরণার্থী সমস্যার স্থায়ী সমাধান হতে পারে বলে মনে করে বাংলাদেশ। জেনেভায় ইউএনএইচসিআরের নির্বাহী পরিচালনা কমিটির বার্ষিক সভায় দেয়া বক্তব্যে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জেনেভা ও ভিয়েনাস্থ জাতিসংঘ দপ্তরের স্থায়ী প্রতিনিধি মো. শামীম আহসান এ কথা বলেন।
বাংলাদেশ থেকে মিয়ানমারের শরণার্থীদের স্বেচ্ছা প্রত্যাবাসনের বিষয়ে সম্প্রতি দুই দেশের পররাষ্ট্র সচিবদের দ্বিপাক্ষিক আলোচনায় ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করে প্রত্যাবাসনের গতি জোরদারের আহবান জানান তিনি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার রাষ্ট্রদূতের বক্তব্যের প্রশংসা করে বলেন, বাংলাদেশ সরকারের কার্যক্রমে ইউএনএইচসিআর পাশে রয়েছে। একইসঙ্গে বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের কাগজপত্রবিহীন নাগরিক ও শরণার্থীদের বিষয়ে বাংলাদেশ সরকারের জাতীয় কৌশলপত্র তৈরির উদ্যোগেরও প্রশংসা করেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।