আজ বিজয়া দশমী, কাল প্রতিমা বিসর্জন

শুভ বিজয়া দশমী আজ। শারদীয় দুর্গোৎসবের শেষ দিন। তবে প্রতিমা বিসর্জন দেওয়া হবে কাল শনিবার। 
আজ ভোর ছয়টা ৫৪ মিনিটের মধ্যে দেবীর মহানবমী কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা এবং সকাল আটটা ২৩ মিনিটের মধ্যে দেবীর দশমী বিহিত পূজা সমাপন ও দর্পণ বিসর্জন শেষে শান্তিজল গ্রহণ। এভাবে শেষ হবে দুর্গাপূজা। তিথি অনুযায়ী, মহানবমী ও বিজয়া দশমীর লগ্ন একই দিনে হওয়ায় আজই শেষ হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তাপস কুমার পাল বৃহস্পতিবার রাতে জানান, বিজয়া দশমী আজ হলেও ভক্ত ও দর্শনার্থীরা সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন মণ্ডপে প্রতিমা দর্শনে যেতে পারবেন। তিনি বলেন, শনিবার বেলা তিনটায় ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণ থেকে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা কমিটির আয়োজনে বের করা হবে বিজয়া শোভাযাত্রা। এটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বুড়িগঙ্গা তীরে যাবে এবং সেখানেই বিসর্জন দেওয়া হবে প্রতিমা।