পাবনার ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের ইলশামারি রাস্তায় একটি কালভার্ট তিন মাস আগে ভেঙে পড়ে। সাঁড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্রে জানা যায়, লালপুর নর্থ বেঙ্গল চিনিকল কর্তৃপক্ষ এক দশক আগে ২০ ফুট লম্বা ওই কালভার্টটি ইলশামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে নির্মাণ করে। পর্যায়ক্রমে কালভার্টের দুই পাশ থেকে মাটি সরে ও দেবে যাওয়ায় এটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। গত ২১ জুন বৃষ্টির সময় হঠাৎ সেটি ভেঙে পড়ে। এতে মাঝদিয়া, ধাপাড়ি, গোকুলনগর, পুরাতন ঈশ্বরদীসহ পাঁচটি গ্রামের মানুষ ভোগান্তিতে পড়েছেন। বন্ধ হয়ে গেছে সব ধরনের যান চলাচল।
জানা গেছে, সংস্কার না হওয়ায় বাধ্য হয়ে গত সপ্তাহে গ্রামের কিছু যুবক সেখানে বাঁশের একটি সাঁকো তৈরি করেন। গ্রামবাসী ওই সাঁকো দিয়ে চলাচল করছেন। সাঁকোর দুই প্রান্তের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও প্রতিদিন এই সেতু পার হতে হয়।
সাঁড়া ইউপির চেয়ারম্যান জার্জিস হোসেন জানান, কালভার্ট নির্মাণের জন্য উপজেলা প্রকৌশলী ও নর্থ বেঙ্গল চিনিকলের কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। তাঁরা এটি সংস্কার না করলে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে কালভার্টের ওই জায়গাটি মাটি ফেলে ভরাট করে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।