চট্টগ্রামে এক লাখ ৪০ হাজার ইয়াবাসহ আটক ৩

চট্টগ্রামে এক লাখ ৪০ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-৭। বৃহস্পতিবার দিনগত গভীর রাতে এসব ইয়াবাসহ তাদের আটক করা হয়।
শুক্রবার র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
র‌্যাবের বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, চট্রগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন হিলভিউ এলাকায় অভিযান পরিচালনা করে এক লাখ চল্লিশ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে এসব ইয়াবাসহ তাদের আটক করে র‌্যাব-৭ এর একটি অভিযান দল। এসব ইয়াবার আনুমানিক মূল্য পাঁচ কোটি ষাট লাখ টাকা বলে জানানো হয়েছে।  
আটককৃতরা হলেন- সৈয়দ কাশেম (৩৩), সম্রাট সরদার (২৩), রবিউল পাটোয়ারী(২২)। কাশেমের বাড়ি টেকনাফ, সম্রাটের মুন্সীগঞ্জ ও রবিউলের কুমিল্লা বলে জানা গেছে।  
কাশেমের বাসা থেকে ইয়াবা সংরক্ষণ ও পরিবহন কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি (গাড়ীর চাকা, টায়ার ইত্যাদি) উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে ইয়াবা সংগ্রহ করতে আসা মো. সম্রাট সরদার এবং রবিউল পাটোয়ারীকে আটক করা হয়।