রংপুরে জাতীয় পার্টির দুই গ্রুপে সংঘর্ষে আহত ১০

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশােদের উপিস্থিতিতে রংপুর মহানগরীর দর্শনায় এরশাদের পল্লিনিবাস বাসভবনের সামনে রওশান এরশাদ সমর্থক প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা গ্রুপ ও এরশাদ ঘোষিত নব গঠিত জেলা মহানগর কমিটির নেতাদের সঙ্গে সংঘর্ষে ১০জন আহত হয়। এ সময় নেতাকর্মীরা দেশিয় অস্ত্রশস্ত্র ব্যবহার ও ইটপাটকেল নিক্ষপ করতে দেখা গেছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় দৈনিক প্রথম আলোর ফটো সাংবাদিক মইনুল ইসলামের মোটরসাইকেলটি ভেঙে দেয়া হয়। অবস্থা বেগতিক দেখে এরশাদ ও তার ভাই জিএম কাদেরকে দুপুর পৌণে ১টা দিকে পুলিশ প্রশাসন নিউসেন পাড়ার স্কাইভিউ বাসভবনে নিয়ে যায়। পরে সেখান থেকে পল্লিনিবাস বাসভবনে তারা যান দুপুর দুইটার দিকে।
রাঙ্গা গ্রুপ এখন জেলা জাতীয় পার্টি কার্যালয়ে অবস্থান করছে। অপর গ্রুপ মোস্তাফিজুর রহমান মোস্তফা গ্রুপ দর্শনার পল্লিনিবাসের সামনে অবস্থান করছে। আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টির জেলা কার্যালয়ে এরশাদের উপস্থিতিতে কর্মী-সমাবেশ হওয়ার কথা থাকলেও তা হবে কী না এ ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছেন মশিউর রহমান রাঙ্গা।
এ ঘটনায় শহরে উত্তেজনা চলছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।