পাকিস্তানে আফগান সীমান্তবর্তী একটি গোলযোগপূর্ণ উপজাতীয় এলাকার কাছে শুক্রবার বিমান হামলায় ১৫ জঙ্গি নিহত হয়েছে। এলাকাটিতে পাকিস্তানী বাহিনী এক দশক ধরে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে।
সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘শুক্রবার ভোরে খাইবারে পরিচালিত বিমান হামলাটি কার্যকর হয়েছে। এতে জঙ্গিদের তিনটি ঘাঁটি ধ্বংস ও ১৫ জঙ্গি নিহত হয়েছে।’
বিবৃতিতে আরো বলা হয়, ওই এলাকায় তালেবান ও অপর নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই-ইসলামের সদস্যরা আশ্রয় নিয়েছে।
২০০৪ সাল থেকে পাকিস্তান সরকার দেশটির আধা-স্বায়ত্তশাসিক এলাকাগুলোতে ইসলামী জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে।
জুন মাসে পাকিস্তান সেনাবাহিনী দেশটির উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।
অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত এক হাজারের বেশি জঙ্গি ও ৮৬ সৈন্য নিহত হয়েছে বলে পাকিস্তানী সেনাবাহিনী দাবি করেছে। তবে নিহতদের সংখ্যা ও পরিচয় যাচাই করা অসম্ভব। কারণ সাংবাদিকদের পক্ষে নিয়মিতভাবে সংঘাত এলাকায় যাওয়া সম্ভব নয়। সমালোচকদের অভিযোগ, নিহতদের অনেকেই অ-যোদ্ধা। সূত্র- বাসস।