সমবায় কর্মীকে কুপিয়ে হত্যা

গতকাল শুক্রবার সকালে সাভারের ইমান্দিপুরে সাইদুল ইসলাম (২৭) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সাইদুল স্থানীয় জনতা সমবায় সমিতির সহসম্পাদকের দায়িত্ব পালন করতেন। তিনি ইমান্দিপুর মহল্লার ক-ব্লকের আবদুস সাত্তারের ছেলে। স্থানীয় বাসিন্দা ও পুলিশের ধারণা, সমিতির ঋণের টাকা অথবা ব্যক্তিগত আক্রোশ থেকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী চা-দোকানি রেহানা বেগমের ভাষ্য, সাইদুল সকাল সাড়ে নয়টার দিকে তাঁর দোকানে আসেন। তিনি দোকানের সামনে বেঞ্চে বসে তাঁর (রেহানা) সঙ্গে কথা বলছিলেন। এ সময় রকি একটি চাপাতি হাতে সেখানে এসে পেছন থেকে সাইদুলের ঘাড়ে কোপ মারেন। ওই কোপের আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে রকি চাপাতি দিয়ে তাঁর বুক ও পিঠে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে সাইদুলের মৃত্যু হয়।
নিহত সাইদুলের মামা নূরে আলম বলেন, ঘটনার মিনিট ১৫ আগে তিনি রকিসহ একই এলাকার শাহীন ও তারেককে রেহানার চায়ের দোকানের সামনে ঘোরাফেরা করতে দেখেছেন। পুলিশ জানায়, রকি, শাহীন ও তারেক এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।
স্থানীয় কয়েকজন বলেন, সাইদুল সমবায় সমিতির মাধ্যমে এলাকায় ক্ষুদ্রঋণ বিতরণ করতেন। রকি ও তাঁর ঘনিষ্ঠজনেরাও তাঁর কাছে ঋণ চেয়েছিলেন। কিন্তু সাইদুল তাঁদের চাহিদামতো ঋণ দিতে অপারগতা প্রকাশ করেন। এ কারণে রকিসহ অন্যরা ক্ষিপ্ত হয়ে তাঁকে হত্যা করতে পারেন।

সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) দীপক চন্দ্র সাহা বলেন, প্রাথমিক তদন্তে মনে হয়েছে, ঋণের টাকা অথবা ব্যক্তিগত কোনো আক্রোশ থেকে রকি সাইদুলকে খুন করেছেন। এই দুটি বিষয়সহ মাদক ব্যবসাকে প্রাধান্য দিয়ে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।