‘খুনির সঙ্গে কিসের সংলাপ’

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির ‘কঠোর’ আন্দোলনের হুমকির জবাবে শুক্রবার গণভবনে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেন, সেই আন্দোলন মোকাবিলা করার ক্ষমতা সরকারের আছে। তিনি বলেন, “কার সঙ্গে সংলাপ করব? কেউ যদি আপনাকে খুন করার চেষ্টা করে, তাহলে আপনি তার সঙ্গে সংলাপ করতে পারবেন?

গত ৫ জানুয়ারির নির্বাচনের আগে বিএনপি প্রধান খালেদা জিয়ার সংলাপের আমন্ত্রণ প্রত্যাখ্যান করার কথা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, “তাও দেশের স্বার্থে সেই চেষ্টা করেছি।” এখন বিএনপি নতুন করে সংলাপের যে দাবি তুলেছে তা নাকচ করে প্রধানমন্ত্রী বলেন, “কার সঙ্গে আলোচনায় বসতে বলেন? যারা দুর্নীতি করেছে, যারা বোমাবাজি করেছে, যারা গ্রেনেড হামলা করেছে, সংসদ সদস্যদের হত্যা করেছে, যারা আইভি রহমানের হত্যাকারী, আমার দলের নেতাকর্মীদের হত্যাকারী, সংখ্যালঘুদের ওপর যারা আক্রমণ করেছে, শত শত মানুষ ও কোরআন শরীফ যারা পুড়িয়েছে; তাদের সাথেই আমার বৈঠকে বসতে হবে? কেন?
“এতোটা রাজনৈতিক দৈন্যতায় আমরা পড়িনি, এতোটা রাজনৈতিক দৈন্যতায় বাংলাদেশের মানুষ পড়েনি।”
প্রতিটি ক্ষেত্রে দেশের মানুষকে আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন,  “আরো ঐক্যবদ্ধ হতে হবে যে আমরা এটা গ্রহণ করব না, আর সরকার যা করার তা ঠিকই করবে। ”
প্রধানমন্ত্রী বলেন, “মানুষের অভিজ্ঞতা হয়ে গেছে যে তারা কী করতে পারে। … কঠোর আন্দোলন কতো কঠোর হতে পারে সেই কঠোরতা দেখার ক্ষমতা সরকারের আছে এই কথাটা বলতে পারি।”