দুই ভাইয়ের সংঘর্ষ দুজন গুলিবিদ্ধ

শুক্রবার জুমার নামাজের আগে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও তাঁর ছোট ভাইয়ের পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে গুলিবিদ্ধ দুজনকে মৌলভীবাজার সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘরগাঁও গ্রামের বালিদীঘির পাড় জামে মসজিদে জুমার নামাজের আগে রাজনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং রাজনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিছবাহুদ্দোজা ভেলাই স্থানীয় মাদ্রাসার উন্নয়ন নিয়ে বক্তব্য দেন।
তাঁর বক্তব্যের পর জমিয়তে উলামায়ে ইসলামের জেলা সেক্রেটারি এবং সাবেক চেয়ারম্যানের (মিছবাহুদ্দোজা ভেলাই) ছোট ভাই কারি শামছুল হক মাইক নিয়ে ডাক, টেলিযোগাযোগ, তথ্য এবং যোগাযোগপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে রাজনগর বাজারে আয়োজিত একটি মিছিলে শরিক হওয়ার জন্য উপস্থিত মুসল্লিদের আহ্বান জানান। এ সময় ঘরগাঁও গ্রামের আবদুর রহিম নামে এক ব্যক্তি তাঁর বক্তব্য নিয়ে বিরূপ মন্তব্য করেন। এ নিয়ে দুপক্ষ মসজিদে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এরপর নামাজ শেষে দুপক্ষই চলে যায়।
পরে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে বালিদীঘির পাড় জামে মসজিদের সামনে দুপক্ষ মুখোমুখি হলে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে চারটি ফাঁকা গুলি ছোড়ার ঘটনা ঘটে। সংঘর্ষের সময় ঘরগাঁও গ্রামের জাভেদ মিয়া (৩২), শিপন মিয়া (২৪), সুশেল মিয়া (২৬) ও আশিক মিয়া (২১) আহত হন। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ জাভেদ মিয়া ও শিপন মিয়াকে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে রাজনগর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন গতকাল শুক্রবার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেউ এখনো কোনো অভিযোগ দেয়নি।