এখনো বেতন হয়নি ২৫ ভাগ গার্মেন্টসে

 গতকাল পর্যন্ত ২৫ শতাংশ কারখানা বেতন বোনাস পরিশোধ করেনি বলে জানিয়েছে শ্রমিক সংগঠনগুলো। যারা পরিশোধ করেছে তারাও পূর্ণাঙ্গ বেতন পরিশোধ করেনি। যদিও শিল্পাঞ্চল পুলিশের মহাপরিচালক আব্দুস সালাম দাবি করেছেন, ৯৫ শতাংশ কারখানায় বেতন-বোনাস দেয়া হয়েছে। বাদবাকী বেতন আজকের মধ্যে পরিশোধ হবে।
তোবা গ্রুপের ৫ কারখানার শ্রমিকসহ আরো কয়েকটি কারখানার পাওনা পরিশোধ নিয়ে অসন্তোষ রয়ে গেছে। ঈদের আগে পাওনা আদায়ে তোবা’র শ্রমিকদের ভরসা এখন প্রধানমন্ত্রী। তারা বলছেন, গত ঈদের  ন্যায় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করলেই কেবল শ্রমিকরা বকেয়া বেতন পেতে পারেন। ঈদের আগে পাওনা আদায়ের আর কোন পথ নেই।
শ্রমিক সংগঠনগুলো জানিয়েছে, তোবা ছাড়াও ঢাকার শেওড়াপাড়ার আকিক অ্যাপারেল, হাজারীবাগের সিটিএল গার্মেন্টস এবং মালিবাগের মামুন গার্মেন্টসে বকেয়া বেতন নিয়ে সমস্যা রয়েছে।
জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি ইত্তেফাককে বলেন, শুক্রবার পর্যন্ত ২৫ শতাংশ গার্মেন্টস পাওনা পরিশোধ করেনি। যে সব কারখানা বেতন দিয়েছে তারাও পূর্ণাঙ্গ বেতন পরিশোধ করেনি। শ্রমিকদের সাথে সমঝোতার ভিত্তিতে কোন কোন কারখানা গত মাসের ১৫ বা ২০ দিনের বেতন পরিশোধ করেছে। অবশ্য বিজিএমইএ সূত্র বলছে, আজকের মধ্যে সব কারখানার বেতন-বোনাস পরিশোধ হবে। সংগঠনের সহ-সভাপতি এস এম মান্নান কচি বলেন, আকিক অ্যাপারেল ছাড়া আর কোন কারখানায় সমস্যা নেই। ওই সমস্যাও আজই (গতকাল) শেষ হবে। 
শিল্পাঞ্চল পুলিশের মহাপরিচালক আব্দুস সালাম বলেন,  আজ শনিবারের মধ্যে সব কারখানার পাওনা পরিশোধ হবে। কোন কারখানায় কোন ধরনের সমস্যা নেই।
ঈদের আগে পাওনা পাচ্ছে  না তোবা’র শ্রমিকরা?
তোবা’র পাওনা আদায়ে সব পক্ষই ব্যর্থ হচ্ছে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। শ্রম মন্ত্রণালয় ও বিজিএমইএ’র উদ্যোগে অন্তত এক মাসের বেতনের চেষ্টা চললেও গতকাল নাগাদ সে আশাও ফিকে হয়ে গেছে। সবশেষে শ্রম মন্ত্রণালয় কারখানার মালিক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে গতকাল ইত্তেফাককে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। যদিও এর আগে গার্মেন্টস বিষয়ক ক্রাইসিস কমিটির সভায় তিনি বলেছিলেন, তোবা’র শ্রমিকরা ঈদের আগে কিছু হলেও পাবেন।
ইত্তেফাককে শ্রম প্রতিমন্ত্রী বলেন, খুব চেষ্টা করেছিলাম। বিজিএমইএকে উদ্যোগ নিতে বললাম। কিন্তু এর আগে বিজিএমইএ আড়াই কোটি টাকা দিয়ে ওই টাকাও পায়নি বলে জানিয়েছে। তোবার মালিক বলছেন তার ৫টি কাভার্ডভ্যান ছাড়া কিছুই নেই। তার বিরুদ্ধে মামলা করলে বা জেলে নিলেও তার টাকা দেয়ার সামর্থ্য নেই। অফিস খুললে আমরা তার বিরুদ্ধে মামলা করব। এছাড়া আর কোন পথ খোলা নেই।
তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির আহ্বায়ক মোশরেফা মিশু ইত্তেফাককে বলেন, গত ঈদের আগে বেতনের দাবিতে অনশনের পর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে শ্রমিকরা বকেয়া বেতন পেয়েছিলেন। এবারো আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই যাতে অন্তত এক মাসের বেতন হলেও শ্রমিকরা পান। তিনি বলেন, সরকার নির্বিকার থাকলে শ্রমিকরা কোথায় দাঁড়াবে?
এদিকে পাওনার দাবিতে গতকাল শুক্রবার বিজিএমইএ’র সামনে বিক্ষোভ সমাবেশ করতে যায় তোবার শ্রমিকরা। সেখানে পুলিশ শ্রমিকদের উপর নির্বিচারে লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেছেন মোশরেফা মিশু। আজ আবারো প্রেসক্লাবের সামনে জমায়েত হওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
বন্ধ হচ্ছে শেওড়াপাড়ার  আকিক অ্যাপারেল
রাজধানীর শেওড়াপাড়ার শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন দিয়ে কারখানাটি স্থায়ীভাবে বন্ধ করে দিচ্ছে মালিকপক্ষ। দুই মাসের বকেয়া বেতন ও উত্সব ভাতার দাবিতে গত কয়েকদিন থেকে ওই কারখানার ৬শ’ শ্রমিক আন্দোলন করে আসছিলেন। গতকাল বিজিএমইএ’র সহ-সভাপতি এস এম মান্নান কচি ইত্তেফাককে বলেন, মালিকপক্ষ অবশেষে কারখানা বিক্রি করে শ্রমিকদের বকেয়া ২ মাসের বেতন দিচ্ছে। এছাড়া শ্রমিকদের বেতন পরিশোধ করে স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে মগবাজারের বিবি গার্মেন্টস, আপডেট গার্মেন্টস। একই ভবনে বন্ধ হওয়ার অপেক্ষায় রয়েছে জেসি গার্মেন্টস নামে আরো একটি কারখানা।