মাদারীপুরে বাসচাপায় নিহত ২, সড়ক অবরোধ

মাদারীপুরের শিবচর উপজেলায় বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়রা বিক্ষোভ করে সড়ক অবরোধ করে। এতে দক্ষিণাঞ্চলের দিকে যোগাযোগ হয়ে যায়। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বন্দরখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রেহানা আক্তার ও ইমরান। তারা স্থানীয় ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজের শিক্ষার্থী।
শিবচর থানার ওসি বেলায়েত হোসেন বলেন, কাওড়াকান্দি ঘাট থেকে বরিশালগামী একটি বাস বন্দরখোলা এলাকায় পাঁচ পথচারীকে পেছন থেকে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে। রাস্তা পার হওয়ার সময় বাসটি তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত তিনজনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা ঢাকা-খুলনা সড়ক অবরোধ করে। এতে কাওড়াকান্দি থেকে দক্ষিণাঞ্চলের দিকে যান চলাচল বন্ধ যায়। এর ফলে তিন কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।