গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শনিবারও সকাল থেকে যানজট চলছে। শুক্রবার থেকে লেগে থাকা এ যানজট আজ বেলা ১১টার দিকে চন্দ্রা ত্রিমোড় থেকে গাজীপুরের কালিয়াকৈরের সূত্রাপুর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে।
মহাসড়কে দায়িত্বরত পুলিশ বলছে, শুক্রবার রাত থেকে একাধিক সড়ক দুর্ঘটনা, গরুবোঝাই ট্রাক ও ঈদ-উল আযহার আগে বাড়ি ফেরা মানুষের চাপে মহাসড়কে যানজট কমছে না। এতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন।
এদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কোনো দুর্ঘটনা না ঘটলেও চাপ বেশি থাকায় গাড়ি চলছে ধীর গতিতে। কালিয়াকৈর চন্দ্রা মোড়ে দায়িত্বরত গাজীপুরের সহকারী পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, শনিবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর, নারিন্দা ও সিরাজগঞ্জের কড্ডা এলাকায় বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটায় যানজটের শুরু।
জানা গেছে, সকাল ১১টা পর্যন্ত গাজীপুর অংশের কড্ডা থেকে কোনাবাড়ি, সফিপুর, চন্দ্রা হয়ে গোড়াই পর্যন্ত এবং কালিয়াকৈর নবীনগর মহাসড়ক মিলিয়ে ২৫ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি রয়েছে।