ঢাকায় গণভবনের সামনে মুক্তিযোদ্ধা কোটার দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার অভিযোগ এনে প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্ম। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে প্রতিবাদ সমাবেশে তারা হামলার নিন্দা ও প্রতিবাদ জানায়।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী মনির হোসেনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, বাংলা বিভাগের অধ্যাপক সরকার সুজিত কুমার, সংগঠনের আহ্বায়ক অমর কুমার রায়, আরবী বিভাগের শিক্ষার্থী ওয়াহেদুজ্জামান লিখন, ফরহাদ হোসেন, মারুফ প্রমুখ।
বক্তারা বলেন, ‘গত ২২ ফেব্রুয়ারি রাতে গণভবনের সামনে শান্তিপূর্ণভাবে চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানাতে মুক্তিযোদ্ধার সন্তানরা অবস্থান নিয়েছিলো। কিন্তু পুলিশ সেখানে নির্মমভাবে আন্দোলনকারীদের রাস্তায় ফেলে মারধর করে। আমরা এখন সমৃদ্ধির দিকে এগিয়ে চলছি। তাই বলে কি আমরা অতীত ভুলে যাবো? মনে রাখবেন, আমরা যদি অতীত ভুলে যাই তা হলে এখন যারা ভাল কাজ করছে আগামীতে তাদেরকেও কেউ মনে রাখবে না।’
আরও পড়ুনঃ কুমিল্লায় নৌ বাহিনীর সদস্য মেহরাবের খুনিদের গ্রেপ্তারের দাবিতে মাবনবন্ধন
প্রসঙ্গত, গত ২২ ফেব্রুয়ারি বিকেলে ছয় দফা দাবিতে শাহবাগে অবস্থান নেন মুক্তিযোদ্ধার সন্তানেরা। পরে রাতে গণভবনের সামনে অবস্থান নিলে পুলিশ মারধর করে সরিয়ে দেয় বলে তারা অভিযোগ করেন। তবে পুলিশ অভিযোগ অস্বীকার করেছে।’
ইত্তেফাক/নূহু