উরুগুয়ের চূড়ান্ত স্কোয়াডে সুয়ারেজ

 
 
 
লুইজ সুয়ারেজকে চলতি মাসে সৌদি আরব এবং ওমানের বিপক্ষে দুটি প্রীতিম্যাচের জন্য উরুগুয়ের ২২ সদস্যের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলায় প্রতিপক্ষ ইতালির ডিফেন্ডার গিওর্গিও চিয়েলিনিকে কামড়ে দেয়ার পর প্রথমবার জাতীয় দলে জায়গা পেলেন এই স্ট্রাইকার।
গত বৃহস্পতিবার দলটির কোচ অস্কার তাবারেজ চূড়ান্ত দল ঘোষণা করেন।  ১০ অক্টোবর স্বাগতিক সৌদি আরবের সঙ্গে মুখোমুখি হবে উরুগুয়ে। এর তিনদিন পর স্বাগতিক ওমানের সঙ্গে অপর প্রীতিম্যাচটি খেলবে দক্ষিণ আমেরিকার দেশটি।
প্রীতিম্যাচ খেলার জন্য সুয়ারেজ অনুমতি পেলেও, প্রতিযোগিতামূলক খেলায় এই বার্সা স্ট্রাইকারটির ওপর আট ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রয়েছে। যার অর্থ আগামী বছর অনুষ্ঠেয় কোপা আমেরিকা টুর্নামেন্ট এবং বিশ্বকাপ বাছাই পর্বের কিছু খেলা মিস করবেন  সুয়ারেজ। ক্লাব বার্সেলোনার হয়ে খেলার ক্ষেত্রেও তার ওপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য যা চলতি মাসেই শেষ হবে।—এএফপি।