দীর্ঘ চোট বিরতি কাটিয়ে মাত্রই কোর্টে ফেরা রাফায়েল নাদাল চায়না ওপেনের সেমিফাইনালের পথে এগিয়ে গেছেন। নিজের প্রত্যাবর্তন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে শেষ খবর পাওয়া পর্যন্ত মার্টিন ক্লিজানের বিরুদ্ধে টাইব্রেকারে প্রথম সেট জিতে এগিয়েছিলেন তিনি। এদিকে, এই টুর্নামেন্টের মহিলা এককের শীর্ষ বাছাই সেরেনা উইলিয়ামস হাঁটুর চোটের কারণে গতকাল শুক্রবার টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন।
পিঠের চোটের কারণে বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডনের পর একটি টুর্নামেন্টেও খেলতে পারেননি নাদাল। দীর্ঘ বিরতি কাটিয়ে ২৫ লাখ ডলার প্রাইজমানির এই টুর্নামেন্ট দিয়েই কোর্টে ফেরেন নাদাল। প্রতিযোগিতার শুরুতে বল নিয়ে নিজের আপত্তির কথা জানালেও, সেটা যে তার জন্য খুব বড় কোনো সমস্যা হয়ে দাঁড়াতে পারেনি সেটা বোঝাই যাচ্ছে। ক্লিজানের বিরুদ্ধে শেষ আট লড়াইয়ের আগে কঠিন কোনো পরীক্ষাতেও পড়তে হয়নি র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা এই স্প্যানিয়ার্ডকে। গতকাল রাতে জিতে থাকলে আজ সেমিফাইনালে টমাস বার্ডিচের বিরুদ্ধে খেলবেন তিনি। ফাইনালে যাবার আরেকটি লড়াইয়ে গত আসরের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ মুখোমুখি হবেন অ্যান্ডি মারের।
কোয়ার্টার ফাইনালে জোকোভিচ ৬-২, ৬-৪ গেমে হারান বুলগেরিয়ান গ্রিগর দিমিত্রভকে। অন্যদিকে, ইউএস ওপেনে ক্যারিয়ারের প্রথম শিরোপা জেতা ক্রোয়েশিয়ার মারিন চিলিচকে ৬-১, ৬-৪ গেমে হারিয়ে টানা দ্বিতীয় টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠেন মারে।
এদিকে, চতুর্থ রাউন্ডে লুসি সাফারোভাকে হারানো সেরেনা সামান্থা স্টোসারের বিরুদ্ধে ম্যাচের আগেই আক্রান্ত হন চোটে। ফলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের অপারগতার কথা জানিয়ে দেন গত আসরের শিরোপাধারি আমেরিকানটি। উল্লেখ্য, চায়না ওপেনের আগে উহান ওপেন থেকেও চোটের কারণে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন র্যাঙ্কিংয়ের শীর্ষ তারকাটি। আজ সেমিফাইনালে স্টোসার খেলবেন পেত্রা ভিতোভার বিরুদ্ধে। অন্য সেমিতে লড়বেন দুই সাবেক এক নম্বর মারিয়া শারাপোভা ও আনা ইভানোভিচ।
ইতালির অবাছাই রবার্তা ভিন্সির বিপক্ষে দুই সেট লড়াইয়ের পর সেমির টিকিট পান কেভিতোভা। ৭-৬ (৭/২) ও ৬-৪ গেমে শেষ আটের ম্যাচ জিতেন কেভিতোভা।
সহজ জয়ের স্বাদ পেয়েছেন শারাপোভাও। তারই স্বদেশি অবাছাই সভেত্লানা কুজনেেসাভার বিপক্ষে ৬-০ ও ৬-৪ গেমে জিতে সেমির লাইন আপে নিজের নাম লেখান এই রাশিয়ান গ্ল্যামার কুইন।