বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দখলদার এই অবৈধ সরকারের কোনো নৈতিক ভিত্তি নেই। বিএনপিকে বাইরে রেখে, চালাকি করে ক্ষমতা ধরে রেখেছে এ সরকার। তারা বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ সব কিছুই নিয়ন্ত্রণে নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করছে। শনিবার বিকেল ৩টায় ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্থ নিজ বাসভবনে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা সংলাপের প্রস্তাব দিয়েছি। যদি তাতে কাজ না হয় তাহলে এ গণতন্ত্র বিরোধী সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এই ফ্যাসিস্ট সরকারকে হটানো না গেলে দেশের অরাজকতা আরো বেড়ে যাবে। মানুষের জান-মালের নিরাপত্তা থাকবে না।
তিনি আরো বলেন, বিএনপি চায় সংঘাত-অনিশ্চয়তা ছাড়াই আলোচনার মধ্য দিয়ে সমস্যার সমাধান করা হোক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈঙ্গিত করে তিনি বলেন, আওয়ামী লীগের চরিত্রে একনায়কতন্ত্রের ব্যাপার আছে। এরশাদকে স্বৈরাচার বলা হয়। আমরা চাইনি শেখ হাসিনার নাম সেখানে থাকুক। কিন্তু একনায়কদের নামের তালিকায় তার নাম লেখা থাকবে।
মিজা ফখরুল বলেন, আওয়ামী লীগ অনৈতিক সংসদ গঠন করেছে। সংসদে যারা বিরোধী দলে রয়েছে তারাই আবার সরকারের মন্ত্রী। তারা নির্বাচনের নামে প্রহসন করেছেন। এ প্রহসনের নির্বাচনের জন্য বাংলাদেশে মানুষ তৈরি ছিল না। তারা এখনো সুষ্ঠু নির্বাচন চায়।
এ সময় ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র, তাতী দলের আহবায়ক মামুন অর রশিদ, সদর থানা সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।