কবিরহাটে অগ্নিকাণ্ডে ৮ বসতঘর ভস্মিভূত

জেলার কবিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পূর্ব ফতেহপুরে মকু মুন্সির বাড়িতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর সম্পূর্ণ ও ৪টি বসতঘর আংশিক ভস্মিভূত হয়েছে। রবিবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় কমপক্ষে ৩০ লাখ টাকার মালামাল ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।

স্থানীয়রা জানান, ভোরে ওই বাড়ির মনির আহমদের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তের মধ্যে বাড়ির অন্য ঘরগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে। তবে তারা আগুন নেভাতে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। 

খবর পেয়ে মাইজদীর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে বসতঘরগুলো পুড়ে যায়। এ সময় ঘরগুলোতে থাকা লোকজন দ্রুত বের হয়ে আসায়  কোন হতাহতের ঘটনা ঘটেনি। 

আরও পড়ুনঃ হবিগঞ্জে ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত

এদিকে সকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলের মাঝে দেড় লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে কবিরহাট পৌর কর্তৃপক্ষ।

ইত্তেফাক/নূহু