লতিফ সিদ্দিকীর নামে ব্যক্তিগত গ্রন্থাগার বানানোর পরিকল্পনা হয়েছিল গাজীপুরের সালনা রেঞ্জের শালবনে। এজন্য আড়াই একর শালবন দখল করেছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর পুত্র অনীক সিদ্দিকী। ওই বনভূমি দখল করে সেখানে বাবার নামে গ্রন্থাগারের সাইনবোর্ড টাঙিয়েছিলেন।
গাজীপুর জেলা জজ আদালত অনীক সিদ্দিকীকে ওই বনভূমির দখলকারী হিসেবে চিহ্নিত করে সেখানে মাটি ভরাট না করার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়েছেন। বন বিভাগের করা আবেদনের পরিপ্রেক্ষিতে গাজীপুরের জ্যেষ্ঠ সহকারী জজ শাম্মি হাসিনা পারভীন স্বাক্ষরিত ওই আদেশের অনুলিপি গত ২০ আগস্ট বন বিভাগের কাছে পৌঁছেছে। আদেশে বলা হয়েছে, বিবাদী অনীক সিদ্দিকী ৯৫ শতাংশ বনভূমি জবরদখলের চেষ্টা করে ব্যর্থ হয়ে হুমকি দিয়ে চলে যান। গত ২৭ জানুয়ারি তিনি আবার জমিটি দখলের চেষ্টা করেন।