প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বরাবরের মতো এবারও ঢাকায় ঈদুল আযহা উদযাপন করবেন। ঈদের দিন সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতাকর্মী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, বিভিন্ন পেশাজীবী নেতা, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। সকাল ১০টায় বিচারপতি ও কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেখানে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হবে।
এদিকে ঈদে নাড়ীর টানে বাড়ি ফিরছে মানুষ। নিজ নিজ এলাকায় ঈদ করার এই মিছিলে পিছিয়ে নেই সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের শীর্ষ নেতারা। আওয়ামী লীগের অধিকাংশ শীর্ষ নেতারাসহ সংসদ সদস্যবৃন্দ ঈদ করছেন নিজ নিজ এলাকায়। ইতিমধ্যে অনেকে তাদের এলাকায় চলেও গেছেন। শুভেচ্ছা বিনিময় করছেন নিজ নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ঈদ করবেন ঢাকায়। সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী নেতা-কর্মীদের সঙ্গে নিজ এলাকা ফরিদপুরে ঈদ করবেন। তিনি আজ রবিবার নিজ এলাকায় যাবেন। আওয়ামী লীগের প্রবীণ নেতা উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জানান, তিনি অন্যান্য বারের মত এবারো নিজ এলাকায় ঈদ করবেন। বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ ঈদ করবেন তার নির্বাচনী এলাকা ভোলায়। তিনি গতকাল শনিবার সকালে তার নির্বাচনী এলাকা ভোলায় গেছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ঢাকায় ঈদ করবেন। তবে তিনি ঈদের দিনই
সিরাজগঞ্জের নির্বাচনী এলাকায় যাবেন। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ঈদ করবেন সুনামগঞ্জে তার নির্বাচনী এলাকায়। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী ঈদ করবেন ঢাকায়।
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ রাষ্ট্রীয় সফরে অষ্ট্রেলিয়ায় অবস্থান করছেন। আজ রবিবার তার দেশে ফেরার কথা রয়েছে। তিনি ঢাকায় ঈদ করবেন বলে জানা গেছে। সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ঈদ উদযাপন করতে ইতিমধ্যে তার নির্বাচনী এলাকা নীলফামারী চলে গেছেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ঢাকার তার নির্বাচনী এলাকায় ঈদ করবেন। সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী ঈদ করবেন সিলেটে তার নির্বাচনী এলাকায়। পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তাফা কামাল (লোটাস কামাল) ঈদ করবেন কুমিল্লায় তার এলাকায়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম নির্বাচনী এলাকা ঘুরে এসে ঢাকায় ঈদ করবেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নূহ-উল-আলম লেনিন জানান, তিনি ঢাকায় ঈদ করবেন। দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ তার নিজ নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় ঈদ করবেন। হানিফ ২ অক্টোবর থেকে কুষ্টিয়ায় অবস্থান করছেন। ঢাকায় ফিরবেন ১০ অক্টোবর। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আমেরিকায় আছেন। তিনি সেখানেই ঈদ করবেন। আগামী ১৭ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।
বিদ্যুত্ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু রাষ্ট্রীয় সফরে আমেরিকা আছেন। তিনি ঈদের পরদিন ৭ অক্টোবর দেশে ফিরবেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার পারিবারিক সফরে আমেরিকায় রয়েছেন। তিনি সেখানেই ঈদ করবেন। আগামী ১৭ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।
এদিকে হজ্ব পালনের উদ্দেশ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু, পররাষ্ট্রমন্ত্রী এইচএম মাহমুদ আলী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সৌদি আরব রয়েছেন।