জনদুর্ভোগ সরকারের অব্যবস্থাপনা ও অপকর্মের ফল: বিএনপি




বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের অব্যবস্থাপনা ও অপকর্মের কারণে ঈদে ঘরমুখী মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জনদুর্ভোগ লাগবে তাদের কোনো চিন্তা নেই। মহাসড়ক-সড়কের বেহাল অবস্থার জন্য দায়ী ব্যক্তিকে তারা 'দেশপ্রেমিক' উপাধিতের ভূষিত করে। আজকের জনদুর্ভোগ সরকারের অব্যবস্থাপনা ও অপকর্মের ফলশ্রুতি। রবিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা মনে করি, এই গণবিচ্ছিন্ন সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন তারা জনগণের ওপর বিষফোঁড়ার মতো বসে থাকবে। এদের  হটাতে সবাইকে আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।

গ্যাসের দাম বাড়ানোর সরকারি উদ্যোগেরও বিরোধিতা করে রিজভী বলেন, ক্ষমতায় বিভোর, ক্ষমতাবিলাসী রাজার মতোই প্রধানমন্ত্রী দুঃশাসনের অচলায়তন তৈরি করেছেন। এজন্যই জবাবদিহিতা ও গণতান্ত্রিক সৌজন্যতার তোয়াক্কা না করে, জনস্বার্থ বিবেচনা না করে গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তুতি নিচ্ছেন। জনগণের ওপর তার যত সব ক্রোধ। সেজন্য তাদের ওপর তিনি (প্রধানমন্ত্রী) প্রতিশোধ নিচ্ছেন।

গ্যাসের দাম বাড়ালে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, দেশকে এক ভয়ঙ্কর বন্দীশালায় পরিণত করতে চাচ্ছে এই অবৈধ সরকার। জনগণের ওপর সত্যকে মিথ্যা ও মিথ্যাকে সত্য বলে জোর করে চাপিয়ে দেয়া হচ্ছে। ফ্যাসিজমের সন্ত্রাসবাদী ব্যবস্থা সুবিশাল এক সাঁড়াশি দিয়ে চেপে রেখে জনগণকে কৃতদাস বানানোর চেষ্টা চলছে।

বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ১/১১ এর পরে আওয়ামী লীগের বিরুদ্ধে দায়ের হওয়া সাড়ে সাত হাজার মামলা কর্পুর কিংবা হাইড্রোজেন গ্যাসের মতো উড়ে গেল। আর বিএনপির মামলাগুলো সরকার যথারীতি লালন-পালন করে আরো মামলা দিচ্ছে। এভাবে মামলার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না।

সংবাদ ব্রিফিংয়ে অন্যদের মধ্যে দলের কেন্দ্রীয় নেতা খায়রুল কবীর খোকন, মাসুদ আহমেদ তালুকদার, আসাদুল করীম শাহিন, আবদুল সালাম আজাদ, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।