মানিকগঞ্জের সিংগাইরে ঘরে ডুকে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলা চান্দহরের বৈন্যা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম সেবিনা দাস (৪০)। তিনি ঐ গ্রামের শ্রীকান্ত দাসের স্ত্রী। পুলিশ রবিবার নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নিহতের মেয়ে আখি দাস বলেন, ‘আমি, আমার বোন ও মা ঘরে শুয়েছিলাম। বাবা ছিলেন বাইরে। ৪/৫ জন যুবক দরজা ভেঙ্গে আমাদের ঘরে ঢুকে আমার মুখ চেপে পিস্তল ঠেকিয়ে ড্যাগার দিয়ে আমার মাকে হত্যা করে তার কানের দুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।’
পুলিশ ধারনা করছে, আখীর প্রেমিক মিজান এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে। তবে আখী মিজানের ব্যাপারে কিছু বলেননি।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চর মুলবর্গ গ্রামের শরবত আলীর ছেলে মিজানের (২৩) সাথে সেবিনা দাসের মেয়ে আখী দাসের (১৮) প্রেম ছিল। কয়েকদিন আগে তারা পালিয়ে বিয়ে করে। অন্য ধর্মের ছেলের সাথে এই বিয়ে মেনে নেননি আখীর মা সেবিনা। এই পরিস্থিতিতে আখী মিজানকে ছেড়ে মায়ের কাছে চলে আসে। এরপর থেকে মিজান আখীর মা-বাবাকে বিভিন্নভাবে হুমকি দিতো।
এই পরিস্থিতিতে শনিবার এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতের স্বামী শ্রীকান্ত দাস মিজানসহ ৪/৫ জনকে আসামি করে সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
জেলা পুলিশের এএসপি (সার্কেল) কামরুল ইসলাম জানান, মিজান আখীকে না পেয়ে পথের কাটা মনে করে পরিকল্পিত ভাবে আখীর মা সেবিনা দাসকে হত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।