ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী লতিফ সিদ্দিকী রাজনৈতিক আশ্রয় নিবেন কিনা তা নিয়ে রয়েছেন দ্বিধাদ্বন্দ্বে। পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, প্রয়োজনে তিনি দেশে ফিরে কারাবরণ করতে চান। কারণ কারাগারকে তিনি দ্বিতীয় ঘরবাড়ি বলে মনে করেন। তিনি ১৩/১৪ বছর জেলখানায় কাটিয়েছেন। তবে তার সাথে অবস্থানতর স্ত্রী লায়লা সিদ্দিকী, কানাডায় বসবাসকারী বড় মেয়ে নন্দিনী নাজরীন রিয়া এই সিদ্ধান্তের সাথে দ্বিমত পোষণ করায় তিনি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান। এখানে তার কানাডার ভিসা সংক্রান্ত বিষয়টিও গুরুত্বপূর্ণ।
একমাত্র ছেলে অনিক সিদ্দিকী বাপ্পী ঢাকার গুলশানে আছেন। বাপ্পী তার বাবার বিতর্কিত বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা গেছে। শারীরিকভাবে কিছুটা অসুস্থ তার ছোট মেয়ে প্রীতু তাদের সাথেই রয়েছেন।
লতিফ সিদ্দিকী বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, তিনি তার বক্তব্য প্রত্যাহার করবেন না। তবু তিনি ঢাকার সাথে যোগাযোগ রাখছেন। আর কিছুদিন পর এই পরিস্থিতি শান্ত হলে তিনি দেশেই ফিরে যাবেন বলে বিশ্বস্থ সূত্রে জানা গেছে।