চেলসির জয়ের ধারা অব্যাহত

 
 
আর্সেনালের ঘরের মাঠে শক্তির প্রদশনী করল চেলসি। আর্সেনাল প্রতিশোধ নেবে কি, উল্টো কস্তা ও হের্জাডের গোলে দারুণ এক জয় তুলে নিয়েছে ইংলিশ জায়ান্ট চেলসি। এই জয়ের মধ্য দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে অবস্থান আরো সুসংহত করল তারা।
রবিবার স্ট্যামফোর্ড ব্রিজে আর্সেনালকে ২-০ গোলে হারিয়েছে চেলসি। ২৭তম মিনিটে চেলসিকে এগিয়ে নেন হ্যাজার্ড। সান্তি কাসোরলা, ক্যালাম চেম্বারসকে কাটিয়ে আর্সেনালের ডি বক্সে ঢুকে পড়েন বেলজিয়ামের ফরোয়ার্ড হ্যাজার্ড। এ সময় তাকে ফাউল করেন লরেন্ত কোসাইনলি। পেনাল্টি শট নিজেই নেন হ্যাজার্ড। ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান তিনি।
দ্বিতীয়ার্ধের ৭৮তম মিনিটে স্কোর লাইন ২-০ করে ফেলেন কস্তা। সেস ফেব্রেগাসের কাছ থেকে বল পেয়ে বুক দিয়ে নিয়ন্ত্রণ করে পায়ের টোকায় গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চমত্কারভাবে জালে পাঠান ব্রাজিলে জন্ম নেয়া স্পেনের এই স্ট্রাইকার।

৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান সুসংহত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের একমাত্র অপরাজিত দল চেলসি। সমান ম্যাচে ১০ পয়েন্ট আর্সেনালের।