আসন্ন ঈদে ট্যানারি শিল্প এলাকায় চামড়া বহনকারী যানবাহনসমূহকে একমুখী চলাচলের নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যানজট নিরসনে এবং সুষ্ঠু যানবাহন চলাচলের স্বার্থে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে ডিএমপি কমিশনার বেনজির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে লালবাগ ও হাজারীবাগ এলাকায় কোরবানীর পশুর চামড়া বহনকারী যানবাহনসমূহকে ঈদের দিন দুপুর ১২টা থেকে ৯ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত একমুখী চলাচলের এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।
ডিএমপি’র নির্দেশনা অনুযায়ী, দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা পশুর চামড়াবাহী যানবাহন গাবতলী থেকে বেড়িবাঁধ হয়ে নবাবগঞ্জ পুলিশ ফাঁড়ির সামনে দিয়ে নবাবগঞ্জ রোড হয়ে বটতলা ক্রসিং দিয়ে শেরেবাংলা রোড ধরে ‘ট্যানারী শিল্প এলাকায়’ প্রবেশ করবে।
চট্টগ্রাম ও সিলেট জেলা থেকে আসা পশুর চামড়াবাহী যানবাহন পলাশী ক্রসিং ও আজিমপুর ক্রসিং থেকে বিজিবি সিনেমা হলের পাশ দিয়ে পিলখানা রোড ধরে চামড়া শিল্প এলাকায় প্রবেশ করবে।
চামড়াবাহী অন্যান্য যানবাহন ঝিগাতলা ক্রসিং দিয়ে ঝিগাতলা কাঁচাবাজার হয়ে হাজারীবাগ ট্যানারী শিল্প এলাকায় প্রবেশ করবে।
পোস্তা এলাকার পশুর চামড়ার মার্কেটগামী যানবাহন ঢাকেশ্বরী রোড দিয়ে লালবাগ চৌরাস্তা হয়ে শায়েস্তাখান রোড ধরে প্রবেশ করবে।
নির্দেশনা অনুযায়ী ‘ট্যানারী শিল্প এলাকায়’ আসা যানবাহন মালামাল খালাস করে কালুনগর রোড অথবা রায়ের বাজার টালি অফিস সংলগ্ন রাস্তা দিয়ে বেড়িবাঁধ হয়ে গন্তব্যে ফেরত যাবে।
পোস্তা এলাকার ‘চামড়া মার্কেট’ থেকে বহিঃগামী যানবাহন ওয়াটার ওয়ার্কস রোড ধরে চকবাজার ক্রসিং ও জেলখানার পাশ দিয়ে নাজিমউদ্দিন রোড হতে চাঁনখারপুল ক্রসিং দিয়ে বেরিয়ে আসবে।
ওয়াটার ওয়ার্কস রোড থেকে আলীর ঘাট ইসলামবাগ দিয়ে বেরিয়ে আসবে।