দ্বিতীয় পর্বে গড়ালো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন

 
 
 
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় পর্বে গড়ালো। দেশটির বর্তমান প্রেসিডেন্ট দিলমা রৌসেফ প্রাথমিকভাবে বিজয়ী হলেও সরাসরি বিজয়ী হওয়ার মতো পর্যাপ্ত ভোট পাননি। তাই আগামী ২৬ অক্টোবর চূড়ান্ত পর্বের ভোট অনুষ্ঠিত হবে, আর তাতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রথম পর্বে এগিয়ে থাকা দুই প্রার্থী।
বিশ্লেষকরা মনে করছেন, দ্বিতীয় পর্বের ভোটে রৌসেফ ও নিভেসের মধ্যে আরো হাড্ডাহাড্ডি লড়াই হবে।
বিবিসির খবরে বলা হয়, রবিবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে দিলমা রৌসেফ ৪২ শতাংশ ভোট পেয়ে প্রথম হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মধ্যডানপন্থী প্রার্থী আয়াসিও নিভস পেয়েছেন ৩৪ শতাংশ ভোট। আর ২১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে আছেন স্যোশালিস্ট পার্টির প্রার্থী মারিনা সিলভা।
ফলাফল প্রকাশের পর রৌসেফ বলেছেন, দমন, বেকারত্ব ও অতীতের প্রেতাত্মাকে প্রত্যাখান করেছে জনগণ।

অপরদিকে পরিবর্তনের আশা বাঁচিয়ে রাখার জন্য দ্বিতীয় পর্বের জন্য বাদ পড়া প্রার্থী সিলভার সমর্থকদের তাকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন নিভেস। সিলভা জানিয়েছেন, দ্বিতীয় পর্বের ভোটে তারা কোনো প্রার্থীকে সমর্থন দিবেন কীনা তা ঠিক করতে তিনি এবং স্যোশালিস্ট পার্টির অন্যান্য নেতারা সামনের দিনগুলোতে বৈঠকে বসবেন।