সিয়েরা লিওনে একদিনে ১২১ ইবোলা রোগীর মৃত্যু




পশ্চিম আফ্রিকার ইবোলা আক্রান্ত দেশ সিয়েরা লিওনে একদিনে ১২১ জন ইবোলা রোগীর মৃত্যু তালিকাভুক্ত করা হয়েছে। রবিবার সরকারি স্বাস্থ্য পরিসংখ্যানে এই হিসেব পাওয়া গেছে। ইবোলা প্রাদুর্ভাবের চারমাসে এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।খবর রয়টার্সের।

শনিবারের ওই রেকর্ড সংখ্যাক মৃত্যুর ঘটনায় দেশটিতে একদিনে ইবোলায় মৃতের সংখ্যা ৫৫৭ জন থেকে একলাফে ৬৭৮ জনে এসে দাঁড়িয়েছে।

সিয়েরা লিওনের ইর্মাজেন্সি অপারেশন্স সেন্ট্রার প্রকাশিত ওই পরিসংখ্যানে এদিন আরো ৮১ নতুন সংক্রমণের ঘটনা দেখানো হয়েছে।

মার্চে গিনিতে প্রথম ইবোলা রোগটি ধরা পড়ে। তারপর থেকে এটি প্রতিবেশী লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ছড়িয়ে পড়ে। ১৯৭৬ সালে ইবোলা শনাক্ত হওয়ার পর থেকে এটিই ইবোলার সবচেয়ে মারাত্মক প্রাদুর্ভাব।

নাইজেরিয়া ও সেনেগালে ইবোলার স্বল্প বিস্তার ঘটলেও তা নিয়ন্ত্রণ করা হয়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রেও একজন ইবোলা রোগী শনাক্ত হয়েছেন। তিনি লাইবেরিয়ার একজন নাগরিক, ভ্রমণে যুক্তরাষ্ট্রের টেক্সাসে গিয়েছিলেন।

১ অক্টোবর পর্যন্ত চারমাসে ইবোলায় মোট আক্রান্তের ঘটনা ৭,৪৯২টি, এদের মধ্যে ৩,৪৩৯ জন মারা গেছেন, গত সপ্তাহে সংখ্যাটি জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।