দেড় বছর আগে জন্ম নেয়া সর্বকনিষ্ঠ পুত্র অ্যাব্রামের ছবি প্রকাশ করলো বলিউড স্টার শাহরুখ খান। ভক্তদের ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে টুইটারে এ ছবি পোস্ট করেন শাহরুখ।
ছবিতে দুই হাতে দুই খেলনা নিয়ে সাদা জামা-প্যান্ট পরা অ্যাব্রাম আয়েশ করে বসে আছে বাবার কোলে। ছেলেকে জড়িয়ে ধরে আদর করছেন শাহরুখ।
শেয়ার করা টুইটে শাহরুখ লিখেন, “ঈদ-উল-আযহার শুভেচ্ছা সবাইকে। সবাই জীবনের সবটুকু সুখ অর্জন করুক। সবচেয়ে ছোটজনও আপনাদের শুভেচ্ছা জানাচ্ছে।”
শাহরুখ এবং তার স্ত্রী গৌরি খানের তিন সন্তানের মধ্যে অ্যাব্রাম সবার ছোট। সারোগেসির মাধ্যমে ২০১৩ সালের ২৭শে মে জন্ম হয় তার। জন্মের পর থেকে ছোট ছেলেকে কোনোভাবেই জনসমক্ষে আনেননি শাহরুখ। পাপারাজ্জিরাও একাধিকবার তার ছবি তোলার চেষ্টা করে ব্যর্থ হয়।
তবে কিছুদিন আগেই শাহরুখ তার ভক্তদের কথা দিয়েছিলেন অ্যাব্রামের ছবি প্রকাশ করার। ঈদের শুভেচ্ছা হিসেবেই টুইটারে ছবিটি প্রকাশ করলেন তিনি।