কলম্বিয়ায় প্রার্থনালয়ে বজ্রপাত, নিহত ১১

কলম্বিয়ার একটি উপাসনালয়ে ধর্মীয় প্রার্থনা চলাকালে বজ্রপাতে একটি উপজাতি গোষ্ঠীর ১১ জন ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। রবিবার রাতে দেশটির প্রত্যন্ত সিয়েরা নেভেদা পার্বত্যাঞ্চলের ওই উপাসনালয়ে বজ্রপাত আঘাত হানলে এ হতাহতের ঘটনা ঘটে। খবর বিবিসির। নিহতরা সবাই গুয়িগুয়া উপজাতি গোষ্ঠীর নেতা।

বজ্রপাতের সময় তারা আধ্যাত্মিক প্রার্থনায় রত ছিলেন। সেনাবাহিনী জীবিতদের উদ্ধার করে হেলিকপ্টারে করে ক্যারিবীয় শহর সান্তা মার্তার হাসাপাতালে পাঠিয়েছে। আহতদের অধিকাংশেরই শরীর পুড়ে গেছে, তাদের হাসপাতালের বার্ন ইউনিটে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।