রামগড়ে বাস অটোরিক্সাসংঘর্ষে দুজন নিহত

 
রামগড় খাগড়াছড়ি সড়কের পাকলাপাড়া নামক স্থানে মঙ্গলবার যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। 
পুলিশ জানায়, বেলা সোয়া ১টার দিকে রামগড় খাগড়াছড়ি সড়কের পাকলাপাড়া এলাকায় ঢাকাগামী শান্তি পরিবহণের একটি যাত্রীবাহী চেয়ার কোচের (নম্বর-চট্টমেট্টো ব- ১১-০১৬৮) সাথে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাচালক হানিফ (৩০) ও যাত্রী আলম (২২) ঘটনাস্থলে মারা যান। এদের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার চানগাজি গ্রামে বলে জানা গেছে। অপর যাত্রী  জাহিদুল ইসলাম (২৪) ও এমরানকে (২৩) আহত অবস্থায় রামগড় হাসপাতালে ভর্তি করার পর গুরুতর আহত জাহিদুল ইসলামকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসক জানান। 
আহত জাহিদুলের বাড়ি রামগড়ের থলিবাড়ি গ্রামে। তার পিতা  মানু মিয়া জানান, জাহিদ ছাগলনাইয়ার তার মামার বাড়ি থেকে রামগড়ে আসছিল। নিহত দুজন তার বন্ধু। তারা রামগড়ে  আসছিল জাহিদের সাথে। 
পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিক্সা পুলিশের হেফাজতে আনা হয়েছে।